উল্লাপাড়ায় সারের সুষম বন্টন ও ন্যায্যমূল্য নিশ্চিতে মতবিনিময় সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি বিভাগের চলমান মাঠ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সারের সুষম ব্যবস্থাপনা এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া (সিরাজগঞ্জ-৪) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খাঁন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষকরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশে সারের সংকট হলে দেশও সংকটে পড়বে। মাঠ পর্যায়ের কৃষি কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি কৃষকদের দোরগোড়ায় সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে। সারের সুষম ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি করা যাবে না।” সভাপতির বক্তব্যে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হানুল ইসলাম ডিলার ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দেন। তিনি সারের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলার প্রতিটি সার বিক্রয় কেন্দ্রে ও দোকানে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। ইউএনও স্পষ্ট জানিয়ে দেন, “মূল্য তালিকা না টাঙিয়ে কোনোভাবেই সার কেনাবেচা করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে বা অসাধু মজুদদারির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি। তিনি উপজেলার বর্তমান সার বরাদ্দ, মজুদ পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের চলমান কৃষি কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সরকার নির্ধারিত সার ডিলারগণ।























