সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, যুবসমাজকে অপরাধ ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং জেলার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।
এ আয়োজনকে ঘিরে জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।






















