শিবালয়ে নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য, নীরব নজরদারিতে বাড়ছে পরিবেশঝুঁকি

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জে জেলার শিবালয় উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে চলছে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার। উপজেলার টেপড়া, উথলী, শিবালয় বাজারসহ প্রায় সব বাজারেই পাতলা পলিথিনে পণ্য দেওয়া হচ্ছে ক্রেতাদের।
পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০০২) অনুযায়ী নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, প্রদর্শন ও মজুদের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাজারে সহজলভ্য ও সস্তা হওয়ায় অনেক ব্যবসায়ী পাট বা কাগজের ব্যাগের পরিবর্তে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করছেন। ব্যবহারের পর এসব পলিথিন যত্রতত্র ফেলে দেওয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি ড্রেন ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এ ছাড়া পলিথিন মাটিতে দীর্ঘদিন জমে থাকায় কৃষিজমির মাটির স্বাভাবিক গুণাগুণ ও উর্বরতার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
উপজেলার সচেতন মহলের দাবি, মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হলেও নিয়মিত নজরদারি না থাকায় অভিযান শেষ হওয়ার পর আবারও বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার শুরু হয়।
পরিবেশ সচেতন নাগরিকরা বলছেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, নিয়মিত বাজার মনিটরিং এবং বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্হানীয়রা শিবালয় উপজেলার বিভিন্ন হাট-বাজারে দ্রুত ও নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করার দাবি জানিয়েছেন।





















