ডিএমপিতে ৮ পরিদর্শক রদবদল, পল্লবী ও রূপনগরে নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কর্মকাঙে গতিশীলতা আনতে ও পদায়নে রদবদল করা হয়েছে। ডিএমপির আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন স্থানে পদায়ন করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুই থানা-পল্লবী ও রূপনগরে নিয়োগ দেওয়া হয়েছে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের নির্দেশ জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আর পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে স্থানান্তরিত করা হয়েছে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিককে নতুন ওসি হিসেবে রূপনগর থানায় পদায়ন করা হয়েছে। রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে বদলি করা হয়েছে এসআরইউর সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে।
একই আদেশে আরও বেশ কয়েকজন পরিদর্শকের পদে পরিবর্তন আনা হয়েছে। শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) এবং রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে এই পদায়ন আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


























