উল্লাপাড়ায় দুর্যোগ মোকাবিলায় মহড়া, র্যালি ও আলোচনা সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণসহ দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সামনে তুলে ধরেন।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মাহবুবুর রহমান ভুঁইয়া, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
























