শালিখায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মাগুরার শালিখা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শালিখা থানা কমপ্লেক্সে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় শালিখা থানা প্রশাসনের আয়োজনে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, বিপিএম-সেবা।
শালিখা থানার অফিসার ইনচার্জের (ওসি) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন এবং সাবেক সদস্য সচিব জনাব মনিরুজ্জামান চকলেট। এছাড়াও সভায় স্থানীয় পূজা উদযাপন কমিটির আহ্বায়কসহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দুর্গোৎসবের দিনগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন বলেন, “গত বছরের তুলনায় এবার শালিখায় মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে ১৩০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এবার তা বেড়ে ১৬০টিতে দাঁড়িয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে শালিখার সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, পূজা উদযাপন কমিটি এবং পুলিশ প্রশাসনকে অত্যন্ত আন্তরিকতার সাথে সমন্বয় করে কাজ করতে হবে।”
তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান। দর্শনার্থীদের সাথে বিনয়ী ও শোভন আচরণের আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, “উৎসবের আবহ অক্ষুণ্ণ রাখতে পূজামণ্ডপে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সাথে দায়িত্বপ্রাপ্ত সকলকে দায়িত্বশীল ও সুন্দর আচরণ করতে হবে। তবে প্রীতি ও সম্প্রীতির অন্তরালে কেউ যদি শান্ত পরিবেশ বিনষ্ট বা কোনো অপপ্রয়াস চালানোর চেষ্টা করে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ চিরকালই হিন্দু-মুসলিম সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। হাতে গোনা কয়েকজন বিশৃঙ্খলাকারীর জন্য এই দীর্ঘদিনের সামাজিক বন্ধন নষ্ট হতে দেওয়া যায় না।”
পরিশেষে উপস্থিত পুলিশ সদস্য ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) প্রতি নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, সুসম্পর্ক ও ভালো আচরণের মাধ্যমে মানুষকে সঠিক পথে রাখা সম্ভব। তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






















