মাগুরায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভিবিডির ৪ স্বেচ্ছাসেবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মাগুরা-মধুখালী মহাসড়কের আড়কান্দি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি)-এর মাগুরা জেলা কমিটির চার তরুণ সদস্য। কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে খোলা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৬ইং তারিখে ফরিদপুরের একটি কেন্দ্র থেকে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করে একটি খোলা অ্যাম্বুলেন্সযোগে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন ভিবিডির সদস্যরা। পথিমধ্যে মাগুরা-মধুখালী মহাসড়কের আড়কান্দি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘কিংফিশার পরিবহন’-এর একটি বাস অ্যাম্বুলেন্সটিকে সরাসরি সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিন স্বেচ্ছাসেবক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন এবং বাকি তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে তার মৃত্যু হয়। এতে করে এ দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
নিহতরা হলেন ১. মোঃ রাব্বি হাসান (২৫), পিতা: বশারক মোল্লা, সাং: মালিগ্রাম, মাগুরা সদর, মাগুরা।২. তামান্না তাবাসসুম ঐশী (২৫), পিতা: আবু জাফর মোহাম্মদ রুহুল্লা, সাং: ১৮ খাদা, মাগুরা সদর, মাগুরা।৩. নূর মোহাম্মদ আরিফ ওরফে আকাশ (২২), পিতা: আব্দুল হান্নান বিশ্বাস, সাং: বারাসিয়া, মাগুরা সদর, মাগুরা।৪. সাগর বিশ্বাস (২২), সাং: মালিগ্রাম, মাগুরা সদর, মাগুরা।
সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের সাথে যুক্ত এই চার তরুণ প্রাণোচ্ছ্বল সদস্যের আকস্মিক মৃত্যুতে পুরো মাগুরা জেলায় গভীর শোকের মাতম নেমে এসেছে। সন্তান ও স্বজনদের হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাদের পরিবারের সদস্যরা। বাকরুদ্ধ স্বজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন প্রতিবেশীরাও। এলাকায় নেমে এসেছে এক হৃদয়বিদারক পরিবেশ।






















