তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: আইফোন দেখে পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কে এম তাহসিফ সৌরি (২৮) বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নৌ-পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তুরাগ নদে একটি মরদেহ ভাসার খবর জানতে পারে পুলিশ। পরে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় তাঁর পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। এ সময় তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মূলত পকেটে থাকা ওই আইফোনের মাধ্যমেই তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সঠিক রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।























