যান্ত্রিক ত্রুটিতে নাজরানে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, ২ কর্মকর্তা নিহত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান সীমান্ত এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি সামরিক নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির দুই কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বিষয়টি নিশ্চিত করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।
জোটের মুখপাত্র জানান, বোয়িং এএইচ-৬আই (Boeing AH-6i) মডেলের হালকা নজরদারি হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হচ্ছিল। সীমান্ত প্রতিরক্ষা ও নিরাপত্তা পর্যবেক্ষণের নিয়মিত দায়িত্ব পালনের সময় এটি নাজরান ভূখণ্ডে ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। দুর্ঘটনায় দুই কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গভীর শোক ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে সামরিক জোটটি। তবে নিহত কর্মকর্তাদের পরিচয় কিংবা দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে ইয়েমেন সীমান্তের কাছাকাছি নাজরান অঞ্চলটি দীর্ঘদিন ধরেই একটি কৌশলগত ও নিরাপত্তাগত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সামরিক সংঘাতের কারণে অঞ্চলটি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। সম্প্রতি সেখানে সীমান্ত সংঘর্ষের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও বেড়েছে।
এর আগে শনিবার ইয়েমেনের হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছিলেন যে, নাজরান সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা চালানোকালে তাঁরা সৌদি আরবের একটি ‘অ্যাপাচি’ আক্রমণাত্মক হেলিকপ্টার ভূপাতিত করেছেন। তবে সৌদি জোট হুথিদের সেই দাবি প্রত্যাখ্যান করে পরিষ্কার করেছে যে, বিধ্বস্ত উড়োজাহাজটি কোনো আক্রমণাত্মক অ্যাপাচি ছিল না, বরং তা ছিল এএইচ-৬আই মডেলের একটি নজরদারি হেলিকপ্টার। এছাড়া শত্রুপক্ষের হামলায় নয়, বরং অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


























